ছুটির দিনে পাতে থাক ডিমের মখমলি
ছুটির দিন মানেই একটু বাড়তি সময়, একটু আলস্য আর মনভরা খাবারের আয়োজন। প্রতিদিনের তাড়াহুড়োর বাইরে এসে এমন দিনে পাতে চাই এমন কিছু, যা বানাতেও সহজ আবার খেতেও আরামদায়ক। ঠিক তেমনই এক পদ ডিমের মখমলি। নরম, ঝরঝরে আর স্বাদের দিক থেকে ভীষণই ঘরোয়া। অল্প উপকরণে তৈরি এই পদটি দুপুর কিংবা রাতের খাবারে ভাত বা রুটির সঙ্গে হয়ে উঠতে পারে ছুটির দিনের পরিপূর্ণ সঙ্গী। রইলো রেসিপি-
উপকরণ
১. সেদ্ধ ডিম ৪টি
২. বড় পেঁয়াজ ১টি
৩. কাজুবাদাম ৮-১০টি
৪. ছোট টমেটো ১ টি
৫. শুকনো মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
৬. নারকেলের দুধ আধ কাপ
৭. লবঙ্গ ২-৩ টি
৮. দারুচিনি এক টুকরো
৯. ঘি ১ টেবিল চামচ
১০. মেথি ১ টেবিল চামচ
১১. ফ্রেশ ক্রিম ১ টেবিল চামচ
আরও পড়ুন:
ছুটির দুপুর মানেই ঝাল ঝাল হাঁস ভুনার লোভনীয় স্বাদ
চিংড়ি পোলাও, ছুটির দিনের পারফেক্ট ডিশ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই সেদ্ধ ডিম লম্বালম্বি ভাবে দুভাগ করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি, কাজুবাদাম, টমেটোকুচি হালকা ভেজে নিন। এরপর এতে অল্প পানি দিয়ে তা ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হলে তাতে স্বাদমতো লবণ দিন। এবার এটি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
এবার কড়াইয়ে অল্প তেল এবং এক চা-চামচ ঘি গরম করে তাতে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ-বাদামের মিশ্রণ ও বাকি মসলা দিয়ে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিন নারকেলের দুধ। দুধ-মশলা ফুটে গেলে ডিম দিয়ে ঢেকে দিন। এবার মিনিট পাঁচেক রান্না হওয়ার পরে দিয়ে দিন মেথি মেথি। সবশেষে দিয়ে দিন ফ্রেশ ক্রিম। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ডিমের মখমলি।
জেএস/জেআইএম