বাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসু
সংগৃহীত ছবি
কেক-পেস্ট্রির ভিড়ে এখন যে ডেজার্টটি জায়গা করে নিয়েছে, সেটি হলো তিরামিসু। নরম, মোলায়েম, কফির হালকা তিক্ততা আর ক্রিমের মিষ্টি স্বাদের মিশেলে তৈরি এই ইতালীয় ডেজার্ট একবার খেলে ভুলে থাকা কঠিন। ১৯৬০-এর দশকে ইতালিতে প্রথম তৈরি হওয়া তিরামিসু আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। ক্যাফেতে গেলেই নানা স্বাদের তিরামিসু চোখে পড়ে-ক্লাসিক, স্ট্রবেরি, মাচা কিংবা চকলেট।
তবে বাইরে খাওয়ার বদলে চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন চকলেট মিষ্টি। চকলেট তিরামিসু স্বাদে যেমন গাঢ়, তেমনি দেখতে আকর্ষণীয়। যা ডিনারের শেষে বা অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট।
আসুন জেনে নেওয়া যাক ক্যাফে–স্টাইলের চকলেট তিরামিসু বাড়িতে বানাবেন যেভাবে-
উপকরণ
১. মাসকারপোন চিজ ১ কাপ
২. কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ
৩. হুইপড ক্রিম আধা কাপ
৪. ঘন দুধ২ কাপ
৫. লেডি ফিঙ্গার বিস্কুট দেড় প্যাকেট
৬. ডার্ক চকলেট আধা কাপ
৭.কোকো পাউডার পরিমাণমতো (উপরে ছড়ানোর জন্য)
৮. কফি লিকার ৪ টেবিল চামচ
৯. চিনি আধা কাপ
১০. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে চিজ, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে নিয়ে ভালোভাবে বিট করে নিন।আলাদা একটি বাটিতে হুইপড ক্রিম বিট করুন। এরপর তাতে গলানো চকলেট আলতো করে মিশিয়ে নিন। এবার দুই মিশ্রণ একত্রে মিশিয়ে তৈরি করে নিন তিরামিসুর সমৃদ্ধ ক্রিম।
এবার লেডিফিঙ্গার বিস্কুটগুলো একে একে দুধ–কফির মিশ্রণে হালকা করে চুবিয়ে নিন। খেয়াল রাখবেন, বেশি সময় ভেজালে বিস্কুট নরম হয়ে ভেঙে যেতে পারে। একটি কাঁচের ডিশ বা পাত্রে কফিতে ভেজানো বিস্কুটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিন। বিস্কুটের স্তরের ওপর ক্রিমি মিশ্রণের অর্ধেকটা সমানভাবে ছড়িয়ে দিন।
এরপর আবার কফিতে চুবানো লেডিফিঙ্গার বিস্কুটের আরেকটি স্তর দিন। বাকি ক্রিম ঢেলে উপরের অংশটি সমান করে ছড়িয়ে দিন। চাইলে আরও একটি বিস্কুটের স্তর দিয়ে তার ওপর আবার ক্রিম দিতে পারেন—এতে তিরামিসু আরও রিচ ও লেয়ারড হবে।
সবশেষে ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিন। এবার ডিশটি সাধারণ ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে দিন, যাতে ভালোভাবে সেট হয় এবং সব স্বাদ একে অপরের সঙ্গে মিশে যায়। ভালোভাবে জমে গেলে পছন্দমতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আরও পড়ুন:
দাদির হাতের ম্যারা পিঠা বানাবেন যেভাবে
বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন
এসএকেওয়াই/জেআইএম