ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি কীভাবে ভোট দেবেন

অধরা মাধুরী পরমা | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া সব ভোটারের নাগরিক অধিকার। তবে অনেকের মনেই প্রশ্ন জেগেছে- ভোটকেন্দ্রে কি প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবস্থা আছে? দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা কী ভোট দিতে পারবেন?

শারীরিক সীমাবদ্ধতা যাতে কারও অধিকার হরণের কারণ না হয়, সেজন্য বাংলাদেশের নির্বাচন কমিশন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তার বিধান রেখেছে। জেনে নিন সেসব বিশেষ সেবার বিষয়ে ও জানিয়ে দিন আপনার পরিচিতদের-

১. বিশ্বস্ত সহায়তাকারী সঙ্গে নেওয়া
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একজন দৃষ্টি প্রতিবন্ধী ভোটার তার পছন্দমতো একজন বিশ্বস্ত ব্যক্তিকে ভোটকেন্দ্রে সঙ্গে নিয়ে যেতে পারেন। এই সহায়তাকারী ভোটারকে গোপন কক্ষে ব্যালট পেপারে তার পছন্দের প্রতীকে সিল দিতে সাহায্য করবেন। তবে সহায়তাকারী কোনোভাবেই ভোটারের ইচ্ছার বাইরে কোনো প্রতীকে ভোট দিতে পারবেন না।

২. প্রিসাইডিং অফিসারের সহায়তা
যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী ভোটার একা ভোটকেন্দ্রে যান এবং তার সঙ্গে কোনো সহায়তাকারী না থাকে, তবে তিনি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সহায়তা নিতে পারেন। ভোটারের পছন্দ অনুযায়ী প্রিসাইডিং অফিসার ভোট প্রদান নিশ্চিত করতে আইনত বাধ্য।

৩. অগ্রাধিকার ও যাতায়াত সুবিধা
সারিবদ্ধ হওয়ার প্রয়োজন নেই: প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার প্রয়োজন নেই। তারা কেন্দ্রে পৌঁছালে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাবেন।
যানবাহন ব্যবহারের অনুমতি: ভোটের দিন সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবন্ধী ভোটাররা নিজস্ব বা ভাড়া করা যান ব্যবহার করে কেন্দ্রে আসতে পারবেন।

ভোট দিতে যাওয়ার সময় আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার নম্বরটি সঙ্গে রাখুন। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ বা আনসার সদস্যকে আপনার সমস্যার কথা জানালে তারা আপনাকে প্রিসাইডিং অফিসারের কাছে নিয়ে যাবেন।

সূত্র: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২

এএমপি/এমএন

আরও পড়ুন