প্রথম ডেটে ভুল জায়গা বাছাই, সম্পর্ক শুরুতেই শেষ
ছবি: সংগৃহীত
প্রেম হোক বা বিবাহ-পূর্ব আলাপ, প্রথমবার দেখা করতে যাওয়ার আগে মনজুড়ে কাজ করে নানা দুশ্চিন্তা। অচেনা একজন মানুষের সামনে নিজেকে উপস্থাপন করা সহজ নয়। কী বলব, কীভাবে বসব, কেমন দেখাব-এইসব ভাবনা স্বাভাবিক।
প্রথম দেখার জায়গাটি কেমন হবে তা নিয়েও অনেকেই চিন্তিত থাকেন। প্রথম ডেটের জায়গা নির্বাচন সম্পর্কের শুরুতেই একটি বড় প্রভাব ফেলে। অনেক সময় হাজার ভাবনাচিন্তা করে এমন একটি জায়গা বেছে নেওয়া হয়, যা শেষ পর্যন্ত দু’জনের মধ্যে দূরত্বই বাড়িয়ে দেয়। সম্পর্কের শুরুতে অস্বস্তি বা চাপ তৈরি না হওয়ার জন্য জায়গার নির্বাচনকে গুরুত্ব দেওয়া জরুরি।

১. কফিশপ থেকে দূরে থাকা
প্রথমেই আসে কফিশপের কথা। কফিশপ নিঃসন্দেহে জনপ্রিয় একটি ডেট স্পট। তবে ভিড়ে ঠাসা, কোলাহলপূর্ণ কোনো কফিশপে গেলে ব্যক্তিগত কথা বলা কঠিন হয়ে যায়। চারপাশের শব্দ, পরিচিত মানুষের চোখ সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তুলনামূলক নিরিবিলি ও শান্ত পরিবেশের একটি জায়গা বেছে নেওয়াই ভালো। যেখানে বসে দু’জন মন খুলে কথা বলতে পারবেন, একে অপরকে জানার সুযোগ পাবেন।

২. সিনেমা হলে না যাওয়া
অনেকেই প্রথম ডেটে বা দেখা করার সময় সিনেমাহলে যাওয়ার পরিকল্পনা করেন। শুনতে রোমান্টিক লাগলেও বাস্তবে এটি খুব কার্যকর নয়। কারণ, সিনেমা চলাকালীন কথা বলার সুযোগ থাকে না। দু’আড়াই ঘণ্টা পাশাপাশি বসে থেকেও একে অপরকে জানার সুযোগ নষ্ট হয়ে যায়। প্রথম ডেটের আসল উদ্দেশ্যই তো পরিচয় ও আলাপ-সেটি যেন হারিয়ে না যায়।

৩. ফাস্ট ফুড এড়িয়ে চলুন
ফাস্ট ফুড রেস্তরাঁতেও প্রথম দেখা না করাই ভালো। সেখানে খাবারের ব্যস্ততায় আলাপ জমে ওঠার আগেই সময় কেটে যেতে পারে। বরং আগে কিছুটা সময় একান্তে কথা বলে, তারপর একসঙ্গে খাওয়ার পরিকল্পনা করলে সম্পর্ক আরও স্বচ্ছন্দ হয়ে উঠতে পারে।
৪. পারিবারিক অনুষ্ঠান ও পার্টি তে নয়
আরেকটি বড় ভুল হলো পারিবারিক অনুষ্ঠান বা বন্ধুর পার্টিতে প্রথম ডেটের পরিকল্পনা করা। পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবের উপস্থিতিতে নতুন সম্পর্কের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। আগে দু’জন মানুষ নিজেদের মতো করে একে অপরকে চিনুক, বোঝুক। তারপর না হয় পরিবার বা বন্ধুদের সঙ্গে পরিচয় করানো যাবে। সম্পর্কের ভিত মজবুত হওয়ার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

৫. দামি রেস্তোরাঁয় নয়
দামি রেস্তরাঁয় প্রথম ডেটও অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত খরচের চিন্তা বা আনুষ্ঠানিক পরিবেশ কথোপকথনকে কঠিন করে তুলতে পারে। সম্পর্কের শুরুতে প্রয়োজন স্বচ্ছন্দতা, প্রতিযোগিতা নয়। তাই প্রথম ডেটের জন্য এমন একটি জায়গা বেছে নিন, যেখানে দু’জনই আরাম বোধ করবেন। পার্কের নিরিবিলি কোণ, ছোট্ট ক্যাফে, বইয়ের দোকানের পাশের বসার জায়গা-এমন কোথাও যেখানে বিনা বাধায় কথা বলা যায়।
প্রথম ডেট স্মরণীয় হয় জায়গার আড়ম্বর দিয়ে নয়, অনুভূতির গভীরতায়। যদি সেই দিনটি স্বাভাবিক, আন্তরিক ও আরামদায়ক হয়, তবে পরবর্তী জীবনের অনেক স্মৃতির শুরু হয়ে উঠতে পারে এই এক বিকেল থেকেই।
সূত্র: মিডিয়াম, ট্রু লাভ ডেট, হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন:
জীবনে কতবার আসে সত্যিকারের প্রেম?
পুরুষরা কেন বয়সে বড় নারীর প্রেমে পড়েন
এসএকেওয়াই