ঈদের পর ত্বকের যত্ন নেবেন যেভাবে
ছবি: এআই
ঈদের ছুটি মানেই ঘোরাঘুরি, আনন্দ আর বাহারি খাবারের আয়োজন। অনেকেই এই সময় দীর্ঘ ভ্রমণে যান, আবার কেউ ব্যস্ত থাকেন অতিথি আপ্যায়নে। এর সঙ্গে ঘন্টার পর ঘন্টা মেকআপ করে রাখেন। সব মিলিয়ে উৎসব শেষে ত্বকের ওপর পড়ে বাড়তি চাপ। ফলে ত্বক হয়ে ওঠে নির্জীব, ক্লান্ত ও মলিন। অনেকের ক্ষেত্রে ব্রণ, র্যাশ, রোদে পোড়া দাগ কিংবা ব্ল্যাকহেডসের মতো সমস্যাও দেখা দেয়।
তাই ঈদের পর ত্বককে আগের মতো সুস্থ ও উজ্জ্বল রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। কিছু সহজ উপায় অনুসরণ করলেই ত্বক ফিরে পাবে তার স্বাভাবিক জৌলুস।
ত্বকের ডিটক্স জরুরি
দীর্ঘ সময় মেকআপ রাখার পর প্রথম কাজ হলো ত্বক ভালোভাবে পরিষ্কার করা। শুরুতেই অয়েল ক্লিনজার বা মেকআপ রিমুভার দিয়ে মুখ, গলা ও কাঁধ পরিষ্কার করুন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বা ফোম বেজড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মুখ পরিষ্কার করার পর তুলার সাহায্যে টোনার ব্যবহার করুন এবং এরপর ময়েশ্চারাইজার লাগান। ত্বক বেশি নির্জীব মনে হলে একটি ভালো সিরাম ব্যবহার করতে পারেন। দিনের বেলায় বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, যাতে ত্বক ক্ষতিগ্রস্ত না হয়। সপ্তাহে অন্তত একদিন ফেস মাস্ক ব্যবহার করলে ত্বক গভীরভাবে পরিষ্কার হয়।

রোদে পোড়া দাগ দূর করুন
ঈদের সময় বাইরে বেশি ঘোরাঘুরির কারণে ত্বক রোদে পুড়ে যেতে পারে। এই সমস্যা দূর করতে ঘরোয়া কিছু উপায় খুবই কার্যকর।
শসার রস ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলার সাহায্যে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। একইভাবে আলুর রসও ব্যবহার করা যায়, যা চোখের নিচের কালো দাগ কমাতেও সাহায্য করে।
এছাড়া বেসনের সঙ্গে টক দই ও গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হয়। মসুর ডাল বেটে তার সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে মুখে লাগালে ত্বকের ময়লা পরিষ্কার হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
ব্রণ প্রতিরোধে যত্ন
ঈদের সময় অনিয়মিত রুটিন ও অতিরিক্ত তেলযুক্ত খাবারের কারণে অনেকের ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
পরিষ্কার করার পর সামান্য গ্লিসারিন হাতে নিয়ে হালকা করে মুখে লাগাতে পারেন। এতে ত্বক নরম থাকে এবং নতুন ব্রণ ওঠার সম্ভাবনা কমে যায়।
তৈলাক্ত ত্বকের বাড়তি যত্ন
গরমের দিনে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘরের গরমে ত্বক আরও তৈলাক্ত হয়ে পড়ে।
এই সমস্যা দূর করতে শসার রস খুবই কার্যকর। এছাড়া ডিমের সাদা অংশ, শসার রস ও পুদিনা পাতা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমে যায়।
আরেকটি সহজ প্যাক হলো বেসন, টক দই ও সামান্য হলুদ মিশিয়ে তৈরি করা। এটি সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও মসৃণ থাকে।
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করুন
ঈদের আগে ফেসিয়াল করলেও উৎসবের সময়ের অনিয়মে আবার ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস দেখা দিতে পারে। এ ক্ষেত্রে চারকোল মাস্ক বা অন্য কোনো ডিপ ক্লিনজিং মাস্ক ব্যবহার করা যেতে পারে।
নাকের চারপাশে জমে থাকা ব্ল্যাকহেডস দূর করতে পোর ক্লিনজিং স্ট্রিপ ব্যবহার করা কার্যকর। এতে ত্বক পরিষ্কার ও মসৃণ দেখাবে।
ঈদের আনন্দের পর ত্বকের যত্ন নেওয়া অবহেলা করার মতো নয়। নিয়মিত পরিষ্কার, সঠিক স্কিনকেয়ার এবং কিছু সহজ ঘরোয়া উপায়ের মাধ্যমে খুব সহজেই ত্বককে আবার প্রাণবন্ত ও উজ্জ্বল করে তোলা সম্ভব। নিজের ত্বকের ধরন বুঝে যত্ন নিলেই উৎসবের ক্লান্তি কাটিয়ে ফিরে পাবেন সুস্থ, সতেজ ও ঝলমলে ত্বক।
সূত্র: ভোগ,ফেমিনা, বিউটিফুল ইন্ডিয়া
এসএকেওয়াই