ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রেম-ভালোবাসা কর্মক্ষেত্রে কতটা প্রভাব ফেলে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২৬

পুরোনো একটি ধারণা বহুদিন ধরে সমাজে প্রচলিত,যে মানুষ প্রেমে জড়ায়, সে নাকি ক্যারিয়ারে সফল হতে পারে না। এই বিশ্বাস অনেক পরিবার ও সমাজে এখনো রয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ের জেন জিরা এই ধারণাকে ভিন্নভাবে দেখছে। তাদের জীবনযাপন, চিন্তাভাবনা এবং সম্পর্কের ধরন আগের প্রজন্মের তুলনায় অনেকটাই আলাদা। ফলে প্রশ্ন উঠছে-প্রেমের জীবন কি সত্যিই কর্মক্ষেত্রের পারফর্ম্যান্সকে প্রভাবিত করে?

জেন জি এবং সম্পর্কের পরিবর্তিত বাস্তবতা

আধুনিক জেন জি প্রজন্ম নিজের মতো করে জীবন উপভোগ করতে চায়। তারা অফিস বা ব্যক্তিগত জীবনকে কঠোরভাবে আলাদা করে রাখতে চায় না, বরং দুই ক্ষেত্রেই স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ করতে চায়। তবে এর ফলে কাজ ও ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা অনেক সময় কমে যায়।

গবেষণায় দেখা গেছে, মিলেনিয়ালদের তুলনায় জেন জি প্রজন্ম আগের মতো বেশি রোমান্টিক সম্পর্কে জড়াচ্ছে না। যেখানে মিলেনিয়ালদের বড় একটি অংশ কৈশোর বা প্রারম্ভিক বয়সে সম্পর্কের অভিজ্ঞতা অর্জন করেছে, সেখানে জেন জি তুলনামূলকভাবে কম সম্পর্কে জড়াচ্ছে। ফলে তাদের সামাজিক অভিজ্ঞতার ক্ষেত্রও কিছুটা সীমিত থেকে যাচ্ছে।

jago

প্রেম একটি সফট স্কিল হিসেবে

অনেক বিশেষজ্ঞ এখন প্রেম বা ডেটিংকে শুধু আবেগের বিষয় না দেখে একটি গুরুত্বপূর্ণ সফট স্কিল হিসেবে দেখছেন। প্রথম ডেটে কথা বলা, নিজের অনুভূতি প্রকাশ করা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, এসবই যোগাযোগ দক্ষতার ভিত্তি তৈরি করে।

সম্পর্কের মধ্য দিয়ে মানুষ শেখে কীভাবে মতবিরোধ সামলাতে হয়, কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এবং কীভাবে একটি জটিল পরিস্থিতি শান্তভাবে সমাধান করা যায়। এই দক্ষতাগুলো কর্মক্ষেত্রে টিমওয়ার্ক, নেতৃত্ব এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পর্ক থেকে শেখা টিমওয়ার্ক ও মানিয়ে নেওয়ার দক্ষতা

দীর্ঘমেয়াদি সম্পর্কের একটি বড় শিক্ষা হলো‘আমি’ থেকে ‘আমরা’-তে পরিবর্তন। সম্পর্কের মধ্যে একজন মানুষকে শুধু নিজের কথা না ভেবে অন্যের অনুভূতিও বিবেচনা করতে হয়।

এই অভ্যাস কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অফিসে সহকর্মীদের সঙ্গে কাজ করতে গেলে ব্যক্তিগত মতামতের পাশাপাশি দলগত সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হয়। তাই সম্পর্ক থেকে অর্জিত মানিয়ে নেওয়ার দক্ষতা পেশাগত জীবনে অনেক সময় ইতিবাচক প্রভাব ফেলে।

সম্পর্কের মানসিক প্রভাব ও কর্মক্ষমতা

তবে সম্পর্ক সবসময় ইতিবাচক হয় না। যদি কোনো সম্পর্ক মানসিক চাপ, উদ্বেগ বা অস্থিরতার সৃষ্টি করে, তাহলে তা কর্মক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে।

মানসিক চাপের সময় মস্তিষ্ক একটি প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যায়, যাকে বলা হয় ফাইট অর ফাইট রেসপন্স। এই অবস্থায় মনোযোগ কমে যায়, সৃজনশীলতা হ্রাস পায় এবং জটিল সমস্যার সমাধান করার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। ফলে কাজের গুণগত মানে প্রভাব পড়ে।

সামাজিক দক্ষতার ঘাটতি ও কর্মক্ষেত্রের সমস্যা

যাদের সম্পর্ক বা সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা কম, তাদের জন্য বাস্তব জীবনের পরিস্থিতি সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। কখন কীভাবে কথা বলতে হবে, কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে-এসব বিষয় বোঝার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে থাকতে পারে।

এর প্রভাব কর্মক্ষেত্রেও দেখা যায়। ভুল বোঝাবুঝি, টিমের সঙ্গে সমন্বয়ের সমস্যা এবং একাকিত্বের অনুভূতি তাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিতে পারে। বিশেষ করে আধুনিক অফিস সংস্কৃতিতে যেখানে দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই দক্ষতার অভাব বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

jago

ডিজিটাল যুগে সম্পর্ক ও বাস্তব যোগাযোগের দূরত্ব

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ অনেক কমে গেছে। ভার্চুয়াল যোগাযোগ যত বাড়ছে, ততই মুখোমুখি বসে কথা বলার অভ্যাস কমে যাচ্ছে।

ফলে অনেকেই বাস্তব জীবনের সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি বোধ করেন। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও প্রভাব ফেলছে। কারণ অফিসে এখনো বাস্তব যোগাযোগ, আলোচনার দক্ষতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ।

কারো প্রেমের জীবন তার ক্যারিয়ারের সাফল্য বা ব্যর্থতার একমাত্র নির্ধারক হতে পারে না। অনেকেই ব্যক্তিগত সম্পর্কে সফল না হলেও পেশাগত জীবনে অসাধারণ পারফর্ম করেন। আবার কেউ কেউ সুস্থ সম্পর্কের মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ও কার্যকর হয়ে ওঠেন।

সম্পর্ক যদি মানসিক শান্তি ও সমর্থন দেয়, তাহলে তা কর্মজীবনের জন্য সহায়ক হতে পারে। কিন্তু যদি তা চাপ ও অস্থিরতার কারণ হয়, তাহলে প্রভাব নেতিবাচক হতে বাধ্য। তাই প্রেম বা সম্পর্ককে দোষারোপ না করে, বরং ব্যক্তিগত স্থিতিশীলতা ও মানসিক সুস্থতাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, সাইকোলজি টুডে

এসএকেওয়াই

 

আরও পড়ুন