বৈশাখে বাড়িতেই বানান ঐতিহ্যবাহী মুড়কি
ছবি: সংগৃহীত
মুড়কি হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা গ্রাম-বাংলার সংস্কৃতি ও উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে পহেলা বৈশাখ বা বিভিন্ন গ্রামীণ মেলায় মুড়ি-মুড়কি খাওয়ার আনন্দই আলাদা। বৈশাখী মেলা থেকে মুড়ি-মুড়কি কিনে এনে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার স্মৃতি অনেকের কাছেই খুব প্রিয়। এর হালকা মিষ্টি স্বাদ আর কুড়মুড়ে টেক্সচার সব বয়সের মানুষের মন জয় করে নেয়।
তবে শহরের ব্যস্ত জীবনে অনেকেই রাস্তার পাশের খোলা খাবার খেতে চান না স্বাস্থ্যঝুঁকির কারণে। খুব সহজেই বাড়িতেই মুড়কি তৈরি করা যায়।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই কীভাবে মুড়কি বানাবেন-
উপকরণ
খই ৩ কাপ
আখের গুড় (ঝোলা বা পাটালি) ২ কাপ
পানি ১/৪ কাপ
এলাচ গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি
প্রথমে খই থেকে ভালোভাবে ধান বেছে নিন। যদি খইয়ের মধ্যে শক্ত দানা বা অপ্রয়োজনীয় কণা থাকে, তাহলে সেগুলো আলাদা করে পরিষ্কার করে নিন। খই যদি নরম বা আর্দ্র মনে হয়, তাহলে শুকনো কড়াইয়ে হালকা আঁচে কিছুক্ষণ টেলে নেওয়া ভালো।
এরপর একটি ভারী তলার কড়াইতে পরিমাণমতো গুড় ও সামান্য পানি দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে গুড় গলাতে থাকুন। নেড়ে নেড়ে জ্বাল দিন যতক্ষণ না এটি ঘন ও আঠালো সিরার মতো হয়। সিরা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য একটি সহজ পরীক্ষা করা হলো এক ফোঁটা সিরা ঠান্ডা পানিতে ফেললে যদি তা জমে যায় বা শক্ত হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে সিরা প্রস্তুত।
এই পর্যায়ে আঁচ কমিয়ে তাতে খই ঢেলে দিন। খুব দ্রুত এবং সাবধানে নেড়ে গুড়ের সিরার সঙ্গে খই ভালোভাবে মিশিয়ে ফেলুন। যাতে প্রতিটি দানা সমানভাবে কোটিং হয়। নেড়ে নেওয়ার সময় খেয়াল রাখুন যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। যখন দেখবেন খই পুরোপুরি গুড়ে মিশে গেছে এবং মিশ্রণটি কিছুটা শুকনো ও ঝরঝরে হয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিন।ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিবেশন করুন।
টিপস
১. গুড়ের সিরা বেশি ঘন হয়ে গেলে মুড়কি শক্ত হয়ে যেতে পারে, আবার পাতলা থাকলে আঠালো থাকবে।তাই সিরার ঘনত্ব ঠিক রাখা খুব জরুরি
২. খই দেওয়ার পর দ্রুত নাড়তে হবে যেন পুড়ে না যায়।
৩. ঠান্ডা হলে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে।
এসএকেওয়াই