আটার রুটি দিয়ে বানান সুস্বাদু মিল্ক কেক
ছবি: সংগৃহীত
সকালের নাস্তায় অনেকেই আটার রুটি খেতে পছন্দ করেন। তবে কখনো কখনো রুটি বেশি বানিয়ে ফেলা হলে রাতের খাবারে খাওয়া হয়। কিন্তু শুধু এই রুটি দিয়ে বানাতে পারেন মজাদার মিল্ক কেক। বাড়িতে যদি ডেজার্ট বানাতে চাইলে চান, তবে এই রেসিপি ট্রাই করতে পারেন। সহজ এবং সুস্বাদু মিল্ক কেক তৈরি করলে বাড়ির ছোট-বড় সবাই পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক আটার রুটি দিয়ে মিল্ক কেক কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. আটার রুটি ৫ও ৬টি
২. চিনি ১ কাপ
৩. ঘি ২ টেবিল চামচ
৪. গুঁড়া দুধ আধা কাপ
৫. এলাচ গুঁড়া ১ চা চামচ
৬. তেল পরিমাণমতো
৭. তরল দুধ দেড় কাপ
৮. পেস্তা ও বাদাম কুচি সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি
প্রথমে আটার রুটি টুকরো করে তেলে বাদামি রং করে ভেজে নিন। রুটিগুলো ভাজার পর কাগজের টিস্যুতে মুড়ে অতিরিক্ত তেল শুষে নিন। রুটি ঠান্ডা হয়ে গেলে স্বাভাবিকভাবেই মুচমুচে হয়ে যাবে। এরপর রুটিগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়া করে নিন।
এরপর একটি প্যানে চিনি নিন। চিনি গলে এলে দুধ দিন। দুধ ফুটে উঠলে রুটির গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। এরপর মিশ্রণে গুঁড়া দুধ এবং এলাচ গুঁড়া দিন।
মিশ্রণটি প্যানের গা থেকে আলাদা হতে শুরু করলে ঘি দিয়ে অনবরত নাড়তে থাকুন। যতক্ষণ না এটি আঠালো এবং কেকের মতো ঘন না হচ্ছে, ততক্ষণ নাড়ুন। মিশ্রণটি সম্পূর্ণ একরূপভাবে মিশে গেলে একটি পাত্রে ঘি মাখিয়ে সেটি ঢেলে সমান করুন। এরপর উপরে পছন্দমতো পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে দিন।
মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ফ্রিজে অন্তত ১ ঘণ্টা রাখুন। ফ্রিজ থেকে বের করে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।
- আরও পড়ুন :
বাড়িতে বানান মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ডেজার্ট ক্রিম বাসবুসা
ছোট অতিথিকে চমক দিন কটন ক্যান্ডি সেমাই কাপে
এসএকেওয়াই