চিয়া নাকি তুলসি, গরমে শরীর ঠান্ডা রাখতে কোন বীজ খাবেন?
ছবি: এআই
গরমের দিনে শরীর ঠান্ডা রাখা যেমন জরুরি, তেমনি পুষ্টিকর খাবার বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে বিভিন্ন ধরনের বীজ জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হলো চিয়া বীজ ও তুলসির বীজ। দেখতে প্রায় একই রকম হলেও, এই দুই বীজের গুণাগুণ ও কাজের ধরন কিছুটা আলাদা। তাই অনেকেই দ্বিধায় পড়ে যান।
প্রথমেই জানা যাক, এই দুই বীজের সাধারণ বৈশিষ্ট্য। তুলসির বীজ সাধারণত কালো এবং আকারে ছোট হয়। অন্যদিকে চিয়া বীজে সাদা ও কালো দানার মিশ্রণ দেখা যায়। উভয় বীজই ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এবং শরীরের জন্য উপকারী।
চিয়া বীজের উপকারিতা
চিয়া বীজ মূলত ফাইবারসমৃদ্ধ একটি সুপারফুড হিসেবে পরিচিত। এটি শরীরে ধীরে ধীরে কাজ করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। যারা ওজন কমাতে চান, তাদের জন্য চিয়া বীজ বেশ কার্যকর। এটি মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে এবং ধীরে ধীরে শরীরের অতিরিক্ত মেদ কমাতে ভূমিকা রাখে।
এছাড়া চিয়া বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য ভালো এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায়ও এটি দারুণ কাজ করে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, চিয়া বীজ খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করতে হয়, না হলে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হতে পারে।
তুলসির বীজের উপকারিতা
তুলসির বীজ গরমের জন্য আদর্শ। এটি শরীরকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে করে। আয়ুর্বেদ অনুযায়ী, এই বীজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।
গরমের দিনে পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, গ্যাস বা পেটফাঁপা দূর করতেও তুলসির বীজ খুব উপকারী। এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। সবচেয়ে সুবিধা এই বীজ পানিতে দিলে মাত্র ৫-১০ মিনিটেই ফুলে ওঠে, তাই দ্রুত খাওয়ার জন্য প্রস্তুত করা যায়।

ওজন কমাতে কোনটি ভালো?
যদি আপনার লক্ষ্য হয় ধীরে ধীরে ওজন কমানো এবং শরীরে ফাইবারের পরিমাণ বাড়ানো, তাহলে চিয়া বীজ ভালো পছন্দ। এটি দীর্ঘমেয়াদে কাজ করে এবং পেট ভরা রাখার মাধ্যমে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
অন্যদিকে, তুলসির বীজ দ্রুত কাজ করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা দ্রুত হালকা পরিবর্তন চান বা পেটফাঁপার সমস্যা কমাতে চান, তাদের জন্য এটি কার্যকর।
গরমে শরীর ঠান্ডা রাখতে কোনটি খাবেন?
এই প্রশ্নের সহজ উত্তর-তুলসির বীজ। কারণ এটি শরীরকে দ্রুত ঠান্ডা করে এবং পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। গরমের দিনে লেবুর শরবত, ডাবের পানি বা ফালুদার সঙ্গে এটি মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে।
অন্যদিকে, চিয়া বীজ সরাসরি শরীর ঠান্ডা না করলেও এটি পুষ্টিগুণে ভরপুর এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।
খাওয়ার সঠিক পদ্ধতি
তুলসির বীজ সাধারণত পানিতে ভিজিয়ে শরবত বা ঠান্ডা পানীয়ের সঙ্গে খাওয়া হয়। অন্যদিকে, চিয়া বীজ দই, স্মুদি, ওটস বা পুডিংয়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। চিয়া বীজ অন্তত ৩০ মিনিট বা সারারাত ভিজিয়ে খাওয়া উচিত।
গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে তুলসির বীজই বেশি কার্যকর। আর যদি আপনার লক্ষ্য হয় ওজন নিয়ন্ত্রণ, ত্বকের যত্ন ও পুষ্টির, তাহলে চিয়া বীজ বেছে নিতে পারেন। নিজের প্রয়োজন অনুযায়ী এই দুই বীজের যেকোনো একটি বা দুইটাই ডায়েটে রাখতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই