ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

পহেলা বৈশাখে ঘুরতে বের হলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

বছর ঘুরে আবারও চলে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তা-ইলিশ, শোভাযাত্রা, মেলা আর উৎসবের উচ্ছ্বাসে ভরা এক দিন। এই দিনটিকে ঘিরে সবার মধ্যেই থাকে আলাদা উত্তেজনা। বন্ধু-পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর দিনভর আনন্দে মেতে থাকা-সব মিলিয়ে বৈশাখ হয়ে ওঠে স্মরণীয় একটি উৎসব।

তবে এই আনন্দের মাঝেও স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করলে চলবে না। কারণ বৈশাখের তীব্র গরম আর কাঠফাটা রোদে সামান্য অসতর্কতাই বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই বৈশাখে ঘুরতে বের হওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখা খুবই জরুরি।

রোদ থেকে বাঁচতে

বৈশাখের সময় দিনের বেলা রোদ খুব তীব্র থাকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখা। সঙ্গে অবশ্যই একটি ছাতা রাখতে হবে, যা সরাসরি সূর্যের আলো থেকে আপনাকে রক্ষা করবে। পাশাপাশি সানগ্লাস ব্যবহার করলে চোখ রোদ ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকবে। একটি হালকা ক্যাপ বা টুপি মাথায় পরলে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করাও খুব জরুরি, কারণ এটি ত্বককে রোদে পোড়া থেকে রক্ষা করে।

পানির বোতল 

গরমে ঘাম বেশি হওয়ায় শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়। তাই অবশ্যই সঙ্গে পানির বোতল রাখতে হবে। চেষ্টা করুন বারবার পানি পান করার। ডাবের পানি, লেবুর শরবত বা স্যালাইন থাকলে আরও ভালো হয়, কারণ এগুলো শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখে। বাইরের খোলা পানি বা বরফ মেশানো পানীয় এড়িয়ে চলাই নিরাপদ।

jago

হালকা খাবার সঙ্গে রাখুন

বৈশাখ মানেই নানা রকম মুখরোচক খাবারের আয়োজন-পান্তা-ইলিশ, জিলাপি, ফুচকা, চটপটি ইত্যাদি। তবে এসব খাবার অনেক সময় খোলা পরিবেশে বিক্রি হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।চেষ্টা করুন পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা থেকে খাবার খেতে। অতিরিক্ত তেল ও ঝাল খাবার কম খাওয়া ভালো, কারণ গরমে হজমে সমস্যা হতে পারে। দীর্ঘ সময় বাইরে থাকলে হঠাৎ ক্ষুধা লাগতে পারে। তাই সঙ্গে হালকা খাবার রাখা ভালো-যেমন বিস্কুট, ফল, বাদাম বা ঘরে তৈরি স্যান্ডউইচ।

বৈশাখের মেলায় অনেক ধরনের খাবার পাওয়া গেলেও সবসময় স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। তাই আগে থেকে কিছু নিরাপদ খাবার সঙ্গে রাখলে ভালো থাকে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝুঁকি কমে।

জরুরি ওষুধ ও ফার্স্ট এইড

যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগে ভুগছেন, তাদের অবশ্যই নিয়মিত ওষুধ সঙ্গে রাখতে হবে। হঠাৎ মাথা ঘোরা, গ্যাস বা অ্যালার্জির জন্য কিছু সাধারণ ওষুধও সঙ্গে রাখা ভালো। ছোটখাটো কাটা-ছেঁড়া বা আঘাতের জন্য ব্যান্ডেজ, তুলা এবং অ্যান্টিসেপটিক রাখতে পারেন। এটি জরুরি পরিস্থিতিতে খুব কাজে দেয়।

মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক

বাইরে ঘোরার সময় মোবাইল ফোন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি। এটি যোগাযোগ, ছবি তোলা এবং জরুরি সাহায্যের জন্য প্রয়োজন হয়। তাই ফোন ফুল চার্জ রাখা জরুরি।
সঙ্গে একটি পাওয়ার ব্যাংক রাখলে দীর্ঘ সময় বাইরে থাকলেও চার্জ শেষ হওয়ার ভয় থাকে না। চার্জার কেবলও ব্যাগে রাখা ভালো।

স্যানিটাইজার ও টিস্যু

বাইরের পরিবেশে হাত পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখা উচিত। খাওয়ার আগে বা বাইরে কিছু ধরার পর এটি ব্যবহার করলে জীবাণু থেকে সুরক্ষা পাওয়া যায়।
ভেজা টিস্যু বা সাধারণ টিস্যু থাকলে মুখ, হাত বা ঘাম মুছতে সুবিধা হয়। বিশেষ করে ভিড়ের মধ্যে এটি খুবই দরকারি। 

ব্যক্তিগত যত্নের জিনিস

লিপ বাম, ছোট আয়না, চিরুনি, সানস্ক্রিন ছোট বোতলে রাখা যেতে পারে। দীর্ঘ সময় বাইরে থাকলে এগুলো খুব কাজে দেয়। গরমে ঠোঁট ফেটে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমায়।

পাখা

গরমে থেকে বাঁচতে ছোট একটি হাত পাখা কিংবা ব্যাটারি চালিত ইলেকট্রিক পাখা রাখতে পারেন। এগুলো সহজে বহন করা যায়। যখন রোদে বা ভিড়ের মধ্যে বাতাস পাওয়া যায় না, তখন পাখাগুলো ব্যবহার করলে শরীরে আরাম লাগে এবং ঘামও কিছুটা কমে। এটি খুব সাধারণ একটি জিনিস হলেও গরমে অনেক স্বস্তি এনে দেয়।

সব কিছু রাখার সঠিক ব্যাগ

সব জিনিস রাখার জন্য একটি হালকা ব্যাকপ্যাক ব্যবহার করা ভালো। এতে হাত ফাঁকা থাকে এবং সহজে চলাফেরা করা যায়। ব্যাগটি যেন খুব ভারী না হয়, সেটাও খেয়াল রাখতে হবে।

সূত্র: ব্রিটিশ রেড ক্রস, ইউনিসেফ, হেলথলাইন ও অন্যান্য

এসএকেওয়াই

আরও পড়ুন