আবু আফজাল সালেহের বৈশাখের তিনটি কবিতা
আবু আফজাল সালেহ
কুয়াকাটায় রুদ্র বৈশাখ ডাকে
এক বিকেল, বৈশাখের তপ্ততা
সূর্যস্নাত সৈকত, নীল সাগর
সাদা তাপ, ক্লান্ত জীবন…
সূর্য বিদায়ের পূর্বে
সোনা গলে গলে সৈকতে ভাঙে
মানুষ আর ছবিকে নিয়ে যায় ছোঁয়ার বাইরে
সৃষ্টি হয় ছোট্ট ছোট্ট স্বর্গ-উদ্যান…
দ্যাখো,অতশত বুঝি না
পিঁপড়েরা প্রেম করলে দোষ
আর ফুলেরা প্রেম করলে রোমান্টিক!
বলি বাপু, এমন চিন্তা ছেড়ে দাও
হাসিতে ফেটে পড়েছে সৈকত।
রুদ্র বৈশাখে সূর্যাস্ত-কুয়াকাটা ডাকে নিরিবিলি…
****
অফুরন্ত তৃষ্ণার সংকট
বৈশাখের এক গভীর রাতে চাঁদ উঠল মস্ত বড় চাঁদ
সাথে আকাশভরা মেঘ
চাঁদের আর কোনো গতি নেই, যেনো ধূসর…
মেঘ থেকে তো বৃষ্টি হয়, মেঘ থেকে জন্ম হয় ঝড়
সৃষ্টি হয় অফুরন্ত তৃষ্ণার সংকট…
একটি সরল পোস্ট মডার্ণ কবিতায় ভেসে বেড়াচ্ছি আমরা।
****
উফ! বৈশাখী ছেলেবেলা
বৈশাখের বিকেল, দিঘির পাড়ে এক্কাদোক্কা
দিঘির মাঝে কিশোরদলের জলকেলি
বুড়ো অশ্বত্থের তলে বৈশাখী মেলা
আহ! আমার ছেলেবেলা।
নদীর তীর, কুলকুল ধ্বনি, কিশোর মন
মিষ্টি সবুজ মাঠ-প্রান্তর, মেঠোপথ, সবুজ খেত
গোল্লাছুট, জারি আর পল্লিগীতির সুর
ঘুমিয়ে আমার ছেলেবেলা।
সন্ধ্যার ব্লাকহোলে জোনাকিদের মাতোয়ারা
জোৎস্নার কোলে গাজন খেলা
রুদ্র বৈশাখ, রৌদ্রস্নান, ঘন জলের স্বাদ
শালিক-দোয়েল-ফিঙের ফটিক জল
তপ্ত বাতাসে বয়েসী গাছের নিচের আরাম
উফ! লুকিয়ে আছে আমার ছেলেবেলা।
কেএসকে