ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

একফ্রেমে দুই কবি, ভরে উঠছে মামুনের অমূল্য ফটোজিয়াম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬

দেশের পোর্ট্রেট ফটোগ্রাফির পথিকৃৎ নাসির আলী মামুনের জাদুঘরের নাম ফটোজিয়াম। দুর্লভ সব আলোকচিত্র জড়ো হতে হতে সেটি এখন হয়ে উঠেছে এক অমূল্য রত্নভান্ডার। বাংলার সমৃদ্ধ ইতিহাসের কান্ডারিদের মুখচ্ছবি ধরে রেখেছেন এই আলোকচিত্রশিল্পী। সেসব নিয়ে ঢাকায় শুরু হচ্ছে প্রদর্শনী ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’।

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে (৩ এপ্রিল) শুক্রবার শুরু হচ্ছে এই প্রদর্শনী। সেখানে দেখানো হবে শেষ কয়েক দশক ধরে মামুনের ক্যামেরায় ধরা কিংবদন্তিসম সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। সেই তালিকায় আছেন কবি সৈয়দ শামসুল হক, বুদ্ধিজীবী আহমেদ ছফা, চিত্রকর এস. এম. সুলতান এবং মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গসহ আরও অনেকে। মামুনের তোলা এ ছবিগুলো বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের অমূল্য আর্কাইভ।

এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ কবি শামসুর রাহমান ও আল মাহমুদের ঐতিহাসিক সাক্ষাত! ভিন্ন মতাদর্শের কারণে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন ছিলেন তারা। ২০০৪ সালের ৩১ মে মামুনের নিরন্তর প্রচেষ্টার পর ঢাকার শ্যামলীতে শামসুর রাহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সময় মামুন তাদের একটি সাক্ষাৎকারও নেন। তোলেন বেশ কিছু আলোকচিত্র। প্রদর্শনীতে ছবি ও ভিডিওর মাধ্যমে সেসব তুলে ধরা হবে।

নাসির আলী মামুনের ৬৬তম একক এ প্রদর্শনীতে থাকবে ৫০টি ছবি ও ভিডিও। এপ্রিলের ৩ তারিখ শুরু হয়ে এটি চলবে থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের দুই প্রভাবশালী কবি শামসুর রাহমান ও আল মাহমুদকে।

আরএমডি