পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ
নির্বাচন কমিশন/ফাইল ছবি
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহামান্য আদালত আমাদের বলেছেন- আমরা যেন পাবনা ১ ও ২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি। সে জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন ও সুজানগর ও বেড়া উপজেলার সমন্বয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।
ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশের বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করে।
আরও পড়ুন
পাবনার চারটি আসনে ধানের শীষ পেলেন যারা
পাবনা-১ ও ২ আসনে আগের সীমানা পুনর্বহাল
পাবনা-১ আসন পুনর্বহালে বেড়ায় মিষ্টি বিতরণ, সাঁথিয়ায় বিক্ষোভ
তাতে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।
এরপর গত ২৪ ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তাতে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন) নিয়ে পাবনা-১ আসন গঠিত হয়। এছাড়া পাবনা-২ আসনও বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে গঠিত হয়।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও নির্বাচন কমিশন পৃথক আবেদন করে। আবেদন দুটি গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন।
এরপর ৫ জানুয়ারি এই দুই আসনের আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের (ইসি) ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এমওএস/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি
- ২ র্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
- ৩ নির্বাচন এত অবাধ-শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
- ৪ ২০ দিন পর সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ
- ৫ মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে