নতুন করে চার সংসদীয় আসনে পোস্টাল ব্যালট ছাপাচ্ছে ইসি
দেশের চারটি সংসদীয় আসনে নতুন করে প্রায় সাড়ে ১১ হাজার পোস্টাল ব্যালট ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যশোর-৪, চট্টগ্রাম-২, রংপুর-১ ও রংপুর-৪ আসনে এসব ব্যালট ছাপানো হচ্ছে। আদালতের নির্দেশনায় এসব আসনে প্রার্থিতায় পরিবর্তন আসায় আগে ছাপানো পোস্টাল ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার পর্যন্ত প্রবাসী ৪ লাখ ৬৪ হাজার ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন।
ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, সোমবার বেলা ১১টা পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট পৌঁছেছে।
পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, মোট ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী এরই মধ্যে ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫ প্রবাসী।
যে কারণে ছাপানো হচ্ছে নতুন পোস্টাল ব্যালট
ইসি সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের পরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে-বিপক্ষে আদালতে শতাধিক আপিল হয়েছে। এসব প্রার্থীর মধ্যে অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। সে কারণে দেশের ভেতরের ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ছাপাতে দেরি হয়েছে। উল্লেখিত চারটি আসনের ব্যালট ছাপার পরই আদালতের নির্দেশ আসে। চট্টগ্রাম-২ আসনের পোস্টাল ব্যালট এরই মধ্যে ছাপানো শেষ হয়েছে। অন্য তিনটি আসনের পোস্টাল ব্যালট ছাপানোর কাজ চলমান।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, যশোর-৪ আসনের ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হয়। সেগুলো আবার স্থগিত করা হয়েছে। আর দু-তিনটি আসনের পোস্টাল ব্যালট ছাপাতে হচ্ছে নতুন করে।
জানা যায়, যশোর-৪ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেন ১ হাজার ২৬৪ জন প্রবাসী। ইসি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য অনুমোদন দেয়। একইভাবে চট্টগ্রাম-২ আসনে ১ হাজার ৩৭৬ জন, রংপুর-১ আসনে ২ হাজার ৯৮৭ জন এবং রংপুর-৪ আসনে ৩ হাজার ৯৪৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তাদের সবার পোস্টাল ব্যালট ছাপানোর কাজ সম্পন্ন করেছিল ইসি।
ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর থেকে সংস্থাটি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। যেসব আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার বা বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, সেসব আসনে পোস্টাল ব্যালট দেরিতে ছাপানো হয়। এমনও ঘটেছে যে পোস্টাল ব্যালট ছাপতে বলার পর আবার সেটা থামানো হয়েছে। পরিস্থিতি বুঝে আবার ছাপতে বলা হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু করেছে ইসি।
এসএম/এমএএইচ/