‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ চালু
নির্বাচন সুরক্ষা নিশ্চিত করতে ‘নির্বাচন সুরক্ষা’ নামের একটি বিশেষ অ্যাপ পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, অ্যাপটি শুধুমাত্র নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করতে পারবেন। কোনো ভোটকেন্দ্র বা আশপাশে গোলযোগ বা সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এ তথ্য জানান।
এর আগে দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে একই ধরনের অ্যাপ ব্যবহার করে কার্যকর ফল পাওয়া গেছে বলেও জানান তিনি।
তিনি জানান, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠকে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমইউ/এমআইএইচএস