মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে: ইসি সচিব
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ/ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে। তবে ভোটদানের গোপন কক্ষে ছবি তোলা যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তার দাবি, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন না নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। অধিকাংশ দলই মোবাইল ফোন নেওয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি দিয়েছে। এটি মানুষের কত প্রয়োজন তা ইসি উপলব্ধি করেছে। তাই বিষয়টি ইসি সংশোধন করে দিচ্ছে। মোবাইল ফোন নিয়ে ভোটার, প্রার্থী ও এজেন্টরা ভেতরে যেতে পারবেন। তবে গোপন কক্ষে তারা ছবি তুলতে পারবেন না।
ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল, সেটা তারা বোঝাতে পারেনি। তাই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এই পরিপত্র আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে কোনো প্রকার দ্বিধা না থাকে।’
তবে ভোটগ্রহণের দায়িত্বে থাকা পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারদের কাছে মোবাইল ফোন থাকবে না বলে জানিয়েছেন তিনি।
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকেরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘সংবাদকর্মী বা অবজারভাররা (পর্যবেক্ষক) এটা নিয়ে ভেতরে যেতে পারবেন কি না- বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। তবে যে কক্ষে ভোট সিল দেওয়া হয় সেই কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।’
এমওএস/একিউএফ