নির্বাচনে নারীদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় এই আহ্বান জানায়।
বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় জানায়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকারও অন্তর্ভুক্ত।
জাতিসংঘ জানায়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন।
জাতিসংঘ সব অংশীদারের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করছে যাতে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করা যায় এবং নারীদের নির্বাচনি অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। তারা আরও বলেছে, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ বিশেষভাবে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানাচ্ছে, নির্বাচনি প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হোক। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
সংস্থাটি বিশ্বাস করছে যে কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সব সময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জেপিআই/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ২ নির্বাচন ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাবের ৫০ টহল দল
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ
- ৪ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- ৫ নির্বাচনের আগের দিন সেনা-বিজিবি-পুলিশ-র্যাবের চেকপোস্ট, তল্লাশি