নির্বাচনের আগের দিন সেনা-বিজিবি-পুলিশ-র্যাবের চেকপোস্ট, তল্লাশি
প্রাইভেটকারে তল্লাশি করছেন সেনাবাহিনীর একজন সদস্য/ছবি: জাগো নিউজ
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসানো হয়েছে। এর সঙ্গে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী টহল জোরদার করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনভর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শেরেবাংলা নগর, কারওয়ান বাজার, মিরপুর, উত্তরা, রামপুরা, বনানী ও বাড্ডাসহ অন্যান্য এলাকায় একই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা যায়, সেনা ও পুলিশ সদস্যরা যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। অনুনোমোদিত যানবাহন—বিশেষ করে রাস্তায় মোটরসাইকেল বের হলে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।
এদিকে উত্তরা হাজিক্যাম্প, মিরপুর, খামারবাড়ি, বারিধারা, কামরাঙ্গীরচর, মুগদা, লক্ষ্মীবাজার ও ডেমরা এলাকায় পেট্রোলিং চালাতে দেখা গেছে বিজিবি সদস্যদের।
২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদের নেতৃত্বে রাজধানীর শিশুমেলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টকালে তিনি জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়কে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই এলাকায় যত ভোটার আছেন তারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন তাদের নিরাপত্তার জন্যই আমরা নিয়োজিত আছি। আমরা সকাল থেকে এখানে চেকপোস্ট করছি। যেসব গাড়ি চলাচলের কথা নয় এবং সরকার কর্তৃক যেসব যানবাহন সীমিতকরণ করা হয়েছে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে চেকপোস্টে।
মেজর ফুয়াদ আরও বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি কেন্দ্রে সেনাবাহিনীর টহল টিম রয়েছে। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে সেক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি।
নির্বাচন সামনে রেখে ঢাকার সড়কে সতর্ক অবস্থানে সেনাবাহিনী/ছবি: জাগো নিউজ
বুধবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের আট বিভাগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পেট্রোলিং শুরু করে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।
তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ধরনের আশঙ্কা নেই, তবুও সতর্ক অবস্থানে পুলিশ। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটারদের আশ্বস্ত করার কথা জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।
কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
টিটি/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ২ নির্বাচন ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাবের ৫০ টহল দল
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ
- ৪ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- ৫ নির্বাচনের আগের দিন সেনা-বিজিবি-পুলিশ-র্যাবের চেকপোস্ট, তল্লাশি