ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নির্বাচন ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, মাঠে র‍্যাবের ৫০ টহল দল

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনকালে এক ব্রিফিংয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব-৭ এর আওতাধীন চার জেলায় ২০টি সংসদীয় আসনে মোট ৫০টি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

র‍্যাব-৭ জানায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ টহলও পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ১৬টি সংসদীয় আসনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ৪০টি টহল দল দায়িত্ব পালন করছে বলে জানান র‍্যাব-৭ এর অধিনায়ক।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ভোটাররা যেন ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এমআরএএইচ/এমএমকে