ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-১৭ আসনে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইন, তবে ভোট পড়েছে ৩০ শতাংশের কম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা–১৭ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার ভেতরের কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে ১৮ থেকে ২৮ শতাংশের বেশি ভোট পড়ার তথ্য জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে পাঁচটি কেন্দ্র রয়েছে। সেখানকার একটি পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোহেল আহমেদ জাগো নিউজকে জানিয়েছেন, তার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৯০১ জন।

এই কেন্দ্রের কাছাকাছি মানিকদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। সরেজমিনে দেখা যায়, মাদরাসার ভেতর থেকে শুরু হয়ে ভোটারদের লাইন বাইরে পর্যন্ত চলে গেছে। সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম আহমেদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৮ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৫২ জন। ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘ভোট খুব সুন্দর হচ্ছে। ভালো হচ্ছে…চমৎকার।’

এ আসনের কয়েকটি কেন্দ্র ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে অবস্থিত। বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্র রয়েছে—যার একটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র।

নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিকুল আলম বলেন, তার কেন্দ্রে মোট চারটি বুথ রয়েছে। ভোটার সংখ্যা ১ হাজার ৮২৬ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। ভোটাররা অনেক খুশি, আনন্দিত।’

সংসদ ভোটের সঙ্গে গণভোট—নতুন ভোটারদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘একদমই না। এখানে যথেষ্ট ভলান্টিয়ার, পোলিং অফিসার আছেন। সবাই সব ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছেন।’

পাশের একটি পুরুষ কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, তার কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭০৩ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটে লড়ছেন স. ম. খালিদুজ্জামান। আসনটিতে মোট প্রার্থী ১২ জন। তাদের মধ্যে চারজন তারেক রহমানকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩৭৭ জন।

কেএইচ/এমকেআর