নতজানু নয়, আত্মবিশ্বাসী বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা—এ তিনটি মূলভিত্তি দৃঢ়ভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শনির্ভর বাংলাদেশ এখন আর নয়।’
তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সমস্যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে সংকট নিরসনে কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের অভাব ছিল।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সরকার আন্তর্জাতিক অঙ্গনে ‘মৃতপ্রায়’ এ ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, ‘সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর ও টেকসই সমাধানে সহায়তার অঙ্গীকার করেছেন। তার অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে।’
বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা দেশের কূটনৈতিক অবস্থানকে ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে শক্তিশালী করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
এমকেআর/আরএইচ