ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আয়োজিত বিএনপি দলীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদেই বৈঠকে তারা নির্বাচন করেন।

বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস ও সংসদকে অকার্যকর করা এই পর্বের পর জনগণের অনেক রক্তের বিনিময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’

তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের প্রথম এই সংসদীয় দলের সভাতে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোনো গাড়ি নেবেন না। কোনো প্লটও নেওয়া হবে না সরকারের কাছ থেকে।’

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হয়। এতে ৩০০ আসনের মধ্যে দুটির ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের নির্বাচন হয়নি।

বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়, বাংলাদেশ খেলাফত মজলিস দুই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা সাত আসনে বিজয়ী হয়েছেন।

ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়া তারেক রহমান সোমবার বগুড়ার আসনটি ছেড়ে দেন। এখানে পরে উপনির্বাচন হবে।

এসইউজে/কেএইচ/জেএইচ/একিউএফ/জেআইএম