শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন/ছবি: সংগৃহীত
শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, মেহনতি ও শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের জন্য রাজনীতি করে যাব, তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবো।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ অটোরিকশা ও ভ্যানচালক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও আমাদের সঙ্গে ছিলেন। এই রোজায় তিনি আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সেই দোয়া আমরা করি।
তিনি বলেন, খেটে খাওয়া মানুষ কষ্ট করে রোজগার করে পরিবার চালায়। তাদের সঙ্গে বসে ইফতার করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ওপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের সমস্যার কিছুটা লাঘব করে সমাজে সমপর্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনীতি করেন। সবসময় নেক ও সৎ পথে থেকে যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন এ জন্য সবার দোয়া কামনা করেন ইশরাক।
এ সময় বাংলাদেশ অটোরিকশা ও ভ্যানচালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের