ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জমজমাট মিরপুরের ইফতারি বাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ক্রেতা-বিক্রেতার ডাকহাকে জমে উঠেছে রাজধানীর মিরপুরের ইফতারি বাজার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে মিরপুরের ১২ নম্বর, পল্লবী, রূপনগর, ডিওএইচএস এবং এর আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। 

জুমার নামাজের পরই দেখা যায়, দোকানিরা নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। হাজারো ক্রেতা সেখানে ভিড় করছেন পছন্দের পদের ইফতারি কিনতে। দোকানগুলোর সামনে ইফতারি সামগ্রী সাজাচ্ছেন বিক্রেতারা। পছন্দের খাবার কিনছেন ক্রেতারা, কেউ আবার ছবি তুলছেন। রমজান মাসজুড়ে ইফতারি বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

পল্লবী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে প্রতিবছর ইফতার সামগ্রী বিক্রি করেন মো. শামসুল আলম। তিনি বলেন, বেগুনি, আলুর চপ, পিঁয়াজু প্রতিপিস পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে। বুট ও বুন্দিয়া প্রতি ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ২০ টাকায়। ডিমের চপ প্রতিটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শামসুল বলেন, আগের বছর যে দামে বিক্রি করেছি, এবার সেই দামে বিক্রি করছি। কারণ কাঁচামালের দাম তেমন একটা বৃদ্ধি হয়নি।

jagonews24.comবিক্রির জন্য সাজিয়ে রাখা ইফতারি সামগ্রী/ছবি: জাগো নিউজ

এদিকে বিভিন্ন অলিগলির ইফতারি বাজার ঘুরে দেখা যায়, ইফতারি সামগ্রীর দোকানে সাজানো আছে বাহারি রকমের ইফতারসামগ্রী, যেন অভিজাত রেস্তোরাঁগুলোকেও হার মানাবে। সাড়ে ১১ বাসস্ট্যান্ড সংলগ্ন বনলতা, বনফুলসহ কয়েকটি দোকানে ছোলা ও বুটের পাশাপাশি ফাস্টফুড বিক্রি করতে দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, স্প্রিং রোল ৩০ টাকা, ফ্রাইড প্রোন ৩০ টাকা,  চিকেন স্ট্রিপ ৭০ টাকা, বিফ কোপ্তা ৫০ টাকা, চিকেন কোপ্তা ৫০ টাকা, চিকেন শাসলিক ৭০ টাকা, গ্রিল চিকেন ৫০০ টাকা, খাসির লেগ রোস্ট ১২০০ টাকা, ডিম চপ ৩০ টাকা, ভেজিটেবল টোস্ট ৩০ টাকা, চিকেন টোস্ট ৫০ টাকা, ভেজিটেবল রোল ৩০ টাকা, চিকেন রোল ৫০ টাকা। চিকেনসহ বিভিন্ন রকমের কাবাব বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৭০ টাকায়। হালিম হাড়ির আকার অনুযায়ী ৩০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্ধিত পল্লবীর বাসিন্দা তাসনিয়া জামানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বাসায় গ্যাস থাকে না। বাধ্য হয়েই ইফতারি সামগ্রী কিনে খেতে হয়। তবে দাম আগের মতোই আছে।

এসএম/এমএমকে