ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। সাধারণত এমন দিনে রাজধানীর বিনোদন-কেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া ভিড়। তবে আজ রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিল ছিল ফাঁকা।

যেখানে সাধারণত ছুটির বিকেলে ঘুরতে আসা পরিবার-পরিজন, তরুণ-তরুণী আর শিশুদের ভিড়ে হাঁটার জায়গা থাকে না, সেখানে আজ কোলাহল নেই বললেই চলে। আজ দেখা যায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অল্প কিছু সংখ্যক মানুষ, নিস্তরঙ্গ লেক আর নিরিবিলি সেতুপথ। রমজানের আবহে হাতিরঝিল ছিল প্রায় ফাঁকা আর নিরিবিলি।  

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হাতিরঝিল গিয়ে দেখা যায়, লেকপাড়ের হাঁটার পথ প্রায় খালি। দু-একটি পরিবার, কিছু তরুণ-তরুণী আর হাতেগোনা কয়েকজন দর্শনার্থী ছাড়া তেমন ভিড় নেই। সাধারণ ছুটির দিনে যেখানে বসার জায়গা পেতে অপেক্ষা করতে হয়, সেখানে বেশিরভাগ বেঞ্চই খালি পড়ে ছিল। ফুল, ফুচকা, চটপটি ও আইসক্রিম বিক্রেতারাও ক্রেতার অপেক্ষায় বসে আছেন।  

ঘুরতে আসা রামপুরার বাসিন্দা তানভীর আহমেদ বলেন, ২১ ফেব্রুয়ারি বলে ভেবেছিলাম ভিড় হবে। কিন্তু রোজার কারণে মানুষ হয়তো বের হচ্ছে না। রোজা রেখে দীর্ঘ সময় বাইরে থাকা কঠিন, তাই অনেকে বাসায় থাকছেন।  

আরও পড়ুন
পেয়ারা-বরই-আনারস- ছফেদা কিনতেও হিমশিম খাচ্ছেন ক্রেতারা 
স্বল্প আয়ের মানুষের ভরসা ফুটপাতের ইফতারি 

তিনি বলেন, এর আগে ছুটির দিনে যতবার হাতিরঝিল এসেছি, প্রতিবার নানান বয়সী মানুষের ভিড় দেখেছি। এবার দেখছি হাতিরঝিল একেবারে ফাঁকা। হাতিরঝিল এমন ফাঁকা দেখা যায় না। ফাঁকা হাতিরঝিলে ঘোরাঘুরি করে অন্য রকম আনন্দ পাচ্ছি। 

খিলগাঁও থেকে আসা কলেজছাত্রী সুমাইয়া ইসলাম বলেন, আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকেলে একটু ঘুরতে এলাম। ভিড় কম থাকায় পরিবেশটা শান্ত লাগছে। ছবি তোলা আর হাঁটার জন্য ভালো সময়। 

তিনি বলেন, রোজার কারণে আজ হাতিরঝিলে ভিড় তুলনামূলক কম হবে আগেই ধারণা করেছিলাম। তবে এত কম মানুষ আসবে ধারণা করতে পারিনি। হাতিরঝিলে ছুটির দিনে এত কম মানুষ আগে দেখিনি। 

পরিবার নিয়ে ঘুরতে আসা মালিবাগের বাসিন্দা ফয়জুল্লাহ বলেন, বাচ্চারা ছুটির দিনে বাইরে যেতে চায়। তাই ইফতারির আগে একটু নিয়ে এলাম। অন্য সময়ের তুলনায় আজ অনেক ফাঁকা, এতে স্বস্তি লাগছে।  

jagonews24.com

স্থানীয়দের মতে, রোজার কারণে ২১ ফেব্রুয়ারির ছুটির দিনেও হাতিরঝিলে মানুষের আনাগোনা কম। স্বাভাবিক সময়ে হাতিরঝিলে মানুষের যেমন আনাগোনা থাকে, রোজার সময় তার থেকে বেশ কম থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।   

হাতিরঝিল সংলগ্ন এক বাসার বাসিন্দা মো. হৃদয় হাসান বলেন, রমজানে মানুষ দিনের বেলা বিশ্রাম নেয়। ইফতার ও তারাবির প্রস্তুতি থাকে। তাই বিকেলের আড্ডা কমে যায়। এ কারণে আজ ছুটির দিনেও হাতিরঝিলে মানুষের ভিড় নেই। 

আরেক বাসিন্দা শারমিন সুলতানা বলেন, সাধারণত ছুটির দিনে হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের বেশ ভিড় দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসে। এবার ২১ ফেব্রুয়ারির ছুটি রোজার মধ্যে পড়েছে। রোজার কারণেই হয়তো মানুষ ঘুরতে কম বের হয়েছে। মানুষের উপস্থিতি কম থাকায় আজ হাতিরঝিল অন্যরকম সুন্দর লাগছে। এই সুন্দর ভাষায় প্রকাশ করা সম্ভব না। 

এমএএস/কেএসআর