রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ
রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের গুলিতে মো. শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অবস্থান করছিলেন শফিকুর। এসময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, শফিকুর কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলাবাগানে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে এসেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তার বাম হাতে গুলির আঘাত রয়েছে।
কাজী আল আমিন/কেএইচকে