ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে যেসব পরিকল্পনা নিলো রেলওয়ে
ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী রেল ব্রিজসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাস্থলে প্রেরণের লক্ষ্যে রিলিফ ট্রেনসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন অভিমুখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
এনএস/এমআইএইচএস/