ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সাবেক পুলিশ কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে দুদকের দুই মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অনুসন্ধান চলাকালে সম্পদ বিক্রির অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুই মামলায় উত্তম কুমার বিশ্বাসকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৮ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৬৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১-এ মামলা দুটি দায়ের করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক বাদী হয়ে মামলাগুলো করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এজাহারে বলা হয়, উত্তম কুমার বিশ্বাস দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার ওপর নির্ভরশীল ছেলে–মেয়ের নামে ২ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া নিজ নামে ১৯ লাখ ৯৬ হাজার টাকাসহ মোট ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ২২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, উত্তম কুমার বিশ্বাস ও তার ছেলে–মেয়ের নামে পরিচালিত ৩৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৪৩ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দ্বিতীয় মামলাটি করা হয়েছে উত্তম কুমার বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে। স্বামীর ক্ষমতার অপব্যবহার ও আর্থিক সহায়তার মাধ্যমে তার বিরুদ্ধে ৫ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তার নামে থাকা ৭৫টি ব্যাংক হিসাবে ২৯ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৯১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। দুদকের প্রাথমিক নোটিশ পাওয়ার পর তিনি নিজ নামে থাকা দুটি ফ্ল্যাটসহ অন্যান্য সম্পদ বিক্রি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বেনামি কোম্পানির মাধ্যমে বিনিয়োগ দেখিয়ে সম্পদের প্রকৃত উৎস, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপনের চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কৃষ্ণা বিশ্বাস ও উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এসএম/এমএএইচ/