অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
রেল ভবন/ফাইল ছবি
অযাচিত ব্যক্তিদের প্রবেশ সীমিতকরণের লক্ষ্যে রেল ভবনের নিচতলা ও দোতলার সিঁড়ির প্রবেশপথে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তসমূহের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ রেলওয়ের অনিষ্পন্ন বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ থেকে পার্সোনেল বিভাগকে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাতে চলাচলকারী ট্রেনের কোচে লাইট ও ফ্যানের ব্যবস্থা নিশ্চিত করা, পাওয়ারকার যাতে ফেইলিউর না হয় সেজন্য পাওয়ারকারের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় ‘স্পেয়ার পার্টস’ সংগ্রহে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অস্থায়ী গতি নিয়ন্ত্রণের আদেশ প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়।
এনএস/এমএমকে