সবুজবাগে দোকানে ঢুকে পিস্তল-ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
রাজধানীর সবুজবাগ এলাকায় একটি দোকানে ঢুকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে ছায়ানীড় আবাসিক এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক শিমুল কুমার মালাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৪৬ মিনিটে ছায়ানীড় আবাসিক এলাকার ‘সৈকত মোবাইল ও ফ্লেক্সিলোড’ নামক দোকানে এ ঘটনা ঘটে। সে সময় দোকানের মালিক শিমুল কুমার মালাকার দোকানে একাই অবস্থান করছিলেন। হঠাৎ একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি দোকানে প্রবেশ করে তার ডান পাশে পিস্তল সদৃশ একটি বস্তু এবং বাম পাশে একটি চাকু ধরে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে।
ভুক্তভোগী শিমুল কুমার জানান, অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি 'বাইরে আরও লোক আছে' বলে দ্রুত দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়।
ভবিষ্যতে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তদন্তের জন্য এসআই মো. সৈকত হাসান সামিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পুলিশি তদন্ত এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/এসএনআর