ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় র‍্যাবের অভিযানে জাল নোটসহ দুই তরুণ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ মার্চ ২০২৬

ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট ও সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতাররা হলো নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)।

এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল তুরাগের ডলিপাড়া বাদলদী এলাকায় হোসনে আরা আক্তারের চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় জালনোট কারবারি চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান ও তার সহযোগী কেফায়েত উল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জালনোট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ জাল নোট কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া আরও বলেন, জাল বলে জানা সত্বেও আসামিরা আসল টাকা হিসেবে বিক্রির উদ্দেশ্যে এসব জাল নোট নিজেদের কাছে রেখে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাল নোট কারবারি চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

টিটি/এসএনআর