ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

মফিজুল সাদিক | প্রকাশিত: ১২:৫২ পিএম, ১১ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে প্রথম অধিবেশন।

আসন্ন এই অধিবেশন ঘিরে এরই মধ্যে সংসদ ভবন ঢেলে সাজানো হয়েছে। সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে। এতে ব্যয় ছাড়িয়েছে প্রায় শতকোটি টাকা।

৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে ছুটে যান। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন তারা। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ বিভিন্ন ফুলে ফুলে সেজেছে। কয়েকজন মালি এসব ফুলে পানি দিচ্ছেন। সবুজ মাঠের ঘাস কেটে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

jagonews24

নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সংসদ হাউজের মিডিয়াসহ সব ইলেকট্রিক লাইন চেক করা হচ্ছে। এখান থেকে সব কিছু সরাসরি সম্প্রচার করা হবে। সংসদের ভেতরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের কক্ষ থাকে, এগুলো সাজানো হয়েছে। কিছু আসবাবপত্রও কেনা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি), টেলিফোনসহ সব সংযোগ চেক করা হচ্ছে। ১২ মার্চ অধিবেশন উপলক্ষে আমরা সবাই ব্যস্ত সময় পার করছি। ৫ আগস্টে সংসদে অনেক ভাঙচুর হয়েছিল। এজন্য মূলত একেবারেই নতুন রূপে ঢেলে সাজানো হয়েছে। এমনকি হাউসে সংসদ সদস্যদের বসার অনেক চেয়ারও হারিয়ে গিয়েছিল। সেই চেয়ারগুলোও কেনা হয়েছে।

দেশের প্রধানতম গুরুত্বপূর্ণ স্থাপনা জাতীয় সংসদ ভবন। এই ভবনে সংসদ প্লেনারি হলসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ ভিআইপিদের অফিস রয়েছে। ভবনটি প্রায় ৪৫ বছর আগে নির্মিত। জাতীয় সংসদ ভবন এবং এর সঙ্গে সব স্থাপনা লুই আই কানের স্থাপত্য নকশা অনুযায়ী গণপূর্ত অধিদপ্তর নির্মাণ করেছে। গণপূর্ত অধিদপ্তর ভবনটির রক্ষণাবেক্ষণও করছে। সংস্কার করাসহ অনেক আসবাবপত্র ছিল। কিন্তু সব কিছুই নতুন করে সংস্কার ও সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন
সংসদীয় সভায় বসেছে বিরোধীদল
গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
সংসদে ঝড়ো হাওয়ার পূর্বাভাস?

এর আগে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তার জন্য বর্তমানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আধুনিকায়ন করা হয়েছিল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপরে রেড ব্রিকের স্থায়িত্ব নষ্ট হওয়ার ফলে ব্রিক সারফেস এবং ছাদের ওপরে সিরামিক ব্রিক জয়েন্টের কার্যকারিতা কমে গেছে। এগুলোও নতুন করে ঠিক করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের ওয়াকওয়েগুলো (ফুটপাত) নষ্ট হয়েছিল। এগুলো ধোয়া-মোছা করা হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সব জায়গা অপরিষ্কার ছিল। পানি দিয়ে সব কিছু পরিষ্কার করা হয়েছে।

jagonews24

জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস অফিসের চাহিদা মোতাবেক আধুনিক নিরাপত্তা সরঞ্জাম কেনা হয়েছে। এগুলো সবই হারিয়ে গিয়েছিল। পাশাপাশি আনুষঙ্গিক বৈদ্যুতিক লোড বৃদ্ধির কারণে নরমাল এবং ইমারজেন্সি সাব-মেইন ক্যাবলের আধুনিকায়ন, জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত চারটি বৈদ্যুতিক উপকেন্দ্রের জন্য এলটি সুইচ গিয়ার ও বাসবার ট্রাংকিং স্থাপনসহ আনুষঙ্গিক বৈদ্যুতিক কাজ, ভবনের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন সভা কক্ষের সৌন্দর্যবর্ধন এবং মন্ত্রী হোস্টেল ব্লকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও নির্মাণ করা হয়েছে। এগুলো কিছুই ছিল না। ৫ আগস্ট সবগুলোই নষ্ট হয়ে যায়। সব কিছু সংস্কার করা হয়েছে। পাশাপাশি ৮০০’র বেশি কম্পিউটার ও সিকিউরিটি ডিভাইজ কেনা হয়েছে। এগুলোও হারিয়ে গিয়েছিল।

আরও পড়ুন
সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, সংবিধানে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
সংসদ ভবন পরিদর্শন করলেন পল কাপুর

মন্ত্রী হোস্টেল এলাকায় জরাজীর্ণ পুলিশ ব্যারাকটি পুনর্নির্মাণ করা হয়েছে। ক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়ন কাজ করা হয়েছে। নতুন করে রং দেওয়া হয়েছে। কিছু চেয়ার হারিয়ে গেছে। সেগুলো কেনা হয়েছে।

jagonews24

পূর্ত কাজের জন্য যন্ত্রপাতি কেনা হয়েছে। এগুলো নতুন করে সাজানো হয়েছে। অধিবেশন কক্ষ নতুন করে সজ্জিত করা হয়েছে। কিছু চেয়ার নতুন করে স্থাপন করা হয়েছে।

সংসদ অধিবেসনের আগে সরকার দলীয় সভা

এদিকে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন, তারা হলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।

এমওএস/এমআইএইচএস/এমএমএআর