ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সালিশ বৈঠকে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ মার্চ ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে সালিশ বৈঠকে অসুস্থ হয়ে মনজুর খান (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুনগোপাড়া মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মনজুর খান সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের জাবাল সওদাগরের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, সকালে কানুনগোপাড়া মাছবাজার এলাকায় একটি জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠকে যান মনজুর খান। বৈঠকের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনজুর খানের ছেলে মো. শাহ আরব খান জানান, ইকবাল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির পক্ষে তার বাবা সালিশ বৈঠকে গিয়েছিলেন। বৈঠকের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, সকাল ১০টার দিকে মনজুর খান নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/বিএ