রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে পথচারী নিহত
রাজধানীর মগবাজার মধুবাগ ৩ নম্বর গলি এলাকার নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে রাশেদা বেগম (৩৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে কাজ করতেন।
শুক্রবার (১৩মার্চ) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদাকে হাসপাতলে নিয়ে আসা সাখাওয়াত হোসেন জানান, রাশেদা বাসাবাড়িতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মানাধীন ভবনের দেওয়াল ভেঙে তার ওপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামে। তার স্বামীর নাম সাইফুল ইসলাম। তারা মধুবাগ তিন নম্বর গলির রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআর