সিলিন্ডার বিস্ফোরণ
মালদ্বীপে নিহতদের মধ্যে দুজনের মরদেহ দেশে আসবে রোববার
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মধ্যে মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ রোববার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিস্ফোরণে পাঁচজন নিহতের পাশাপাশি আরও দুই বাংলাদেশি গুরুতর আহত রয়েছেন। মালের একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন।
শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ১২ মার্চ রাতে রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দিগুরা আইল্যান্ডের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
আরও পড়ুন
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মালের বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছেন। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহতদের পরিদর্শন করেছেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এরপর তিনি গালুলু মর্গে যান, নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ হাইকমিশন এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
জেপিআই/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক
- ২ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ৩ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- ৪ সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে
- ৫ ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক গ্রেফতার