ডেপুটি স্পিকার
সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে
নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বার বার হোঁচট খেয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা যথাযথভাবে কার্যকর করতে না পারলে বাংলাদেশের যে গণতন্ত্র বারবার চলমান থাকছে, ভবিষ্যতে সেই গণতন্ত্র চলমান হওয়ার সম্ভাবনা থাকবে না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৬৮৮ সালে গোল্ডেন রেভ্যুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ওয়স্টে টাইম অব পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিল। তারপর থেকে যেসব দেশ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করছে- সেই অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা এক্সারসাইজ করে, সেই এক্সারসাইজটা যে দেশে যত স্মুথ হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়েছে।
আরও পড়ুন
সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
কায়সার কামাল বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি, ফ্যাসিবাদী দেখেছি; এখন একটা যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কারণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনোই হয় না।
তিনি বলেন, যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘রোল অব ল’ অর্থ্যাৎ আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে- সেই সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদ। সংগঠনটির সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমদে, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলম প্রমুখ।
কেএসআর/
সর্বশেষ - জাতীয়
- ১ শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক
- ২ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ৩ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- ৪ সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে
- ৫ ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক গ্রেফতার