ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৪ মার্চ ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৩ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন—মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা কক্সবাজারের টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন এ তথ্য জানান।

অভিযান চলাকালে প্রথমে মো. জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগে বিভিন্ন সময় তারা কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন।

এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

টিটি/এমএমকে