সিএমপির বিশেষ অভিযান, ১৪ দিনে গ্রেফতার ৭০৫ জন
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ পরিচালনা করে ৭০৫ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদককারবারি ৯৭ জন, ছিনতাইকারী ৩৬৭ জন, চাঁদাবাজ ২৪ জন, কিশোর গ্যাংয়ের সদস্য ১৪৮ জন এবং জুয়াড়ি ৬৯ জন রয়েছে।
অভিযানে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একটি বিদেশি স্টেনগান (এসএমজি), একটি বিদেশি সাবমেশিন গান, একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজির তিনটি ম্যাগাজিন ও পিস্তলের তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে চাইনিজ কুড়াল, দেশীয় কিরিচ, রামদা, ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সিএমপি জানায়, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআরএম