ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরান যুদ্ধ চলছে/ ছবি- এএফপি
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তার চেয়ে কিছুটা বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
ইরান কোন কৌশলে এখনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে?
ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা গতকাল মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহীদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত হয়েছে। শিগগির এই কার্যক্রম শুরু হবে।
জেপিআই/কেএসআর