ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মগবাজারে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৯ মার্চ ২০২৬

 

রাজধানীর মগবাজারে ইকবাল হোসেন নামের একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলো- আলীম (২৫), মো.জাহিদুল ইসলাম (৩০), মেহেদী (১৯)। এছাড়াও অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন।

গোলাম মর্তুজা বলেন, গণমাধ্যমকর্মী ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামি ধরতে চেষ্টা চলছে।

মামলায় ভুক্তভোগী ইকবাল জানান, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মগবাজার অফিসে যাওয়ার জন্য লিফটে উঠি। লিফটে উঠার সময় আসামি আলীম, জাহিদুল ইসলাম ও মেহেদী আমার পরিচয় জানতে চায়। সেসময় কর্মক্ষেত্রের প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে বলি আমার অফিস নবম তলায়। তখন মেহেদী বলে আপনার মালিককে বলেন আপনাকে এসে নিয়ে যেতে। তখন আমি আসামিদের ভবনের সিকিউরিটি গার্ডকে ডাকতে বলি। তারা সিকিউরিটি গার্ডকে না ডেকে আমার সঙ্গে লিফটে উঠে যায়। পরবর্তীতে তারা চলন্ত লিফটের ভেতরেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর মৌখিক প্রতিবাদ করি। লিফট নবম তলায় পৌঁছালে লিফট থেকে নামতে না দিয়ে লিফটের ভেতরেই আমাকে এলোপাথাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে। তাদের কিল-ঘুষিতে মুখের ওপরের চোয়ালের সামনের দাঁতের মাড়ির হাড় ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়।

তিনি আরও বলেন, আসামি আলীম হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে। আমি লিফটের ভেতরেই চিৎকার করলে নবম তলার লিফট থেকে টেনেহিঁচড়ে নামায়। তখন অজ্ঞাতনামা ৫/৬ জন সেখানে উপস্থিত হয়। তারপর দলবদ্ধ হয়ে আমাকে এলোপাথাড়িভাবে মারধর করতে করতে নবম তলার দক্ষিণ পার্শ্বে বিল্ডিংয়ের শেষ প্রান্তে নিয়ে যায়। আসামি আলীম অন্যদের উদ্দেশ্যে করে বলে, ‘এখানে ক্যামেরা নাই সকলে মারপিট করে হাত-পা ভেঙে দাও’। আলীমের হুকুমে আসামিরা আমাকে পুনরায় মারধর করতে থাকে। তাদের এলোপাথাড়ি কিল-ঘুষিতে বাম কানে গুরুতর আঘাত প্রাপ্ত হই। একপর্যায়ে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।

কেআর/জেএইচ