যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার
পুলিশ রোববার শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই মূল সদস্যকে গ্রেফতার করে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে নগদ ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, গত বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী প্রবেশ করে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।
তিনি বলেন, এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই মূল সদস্য গাফ্ফার সরকার ও শিরিন আক্তার ওরফে সুমাইয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬ অভিযান, জরিমানা সাড়ে ৯ লাখ টাকা
- ২ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন
- ৩ চট্টগ্রামে ২৪৯ চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ দিলো বিআরটিএ
- ৪ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের এগিয়ে আসতে হবে
- ৫ যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার