সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়াতে বাংলাদেশের অনুরোধ
আইএলওর গভর্নিং বডি অধিবেশনে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী তারিক বিন আব্দুল আজিজ ও বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের সাক্ষাৎ
সৌদি আরবে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো এবং দেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি শুভেচ্ছা জানান এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বৈঠকে মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আধুনিকায়নে সৌদি সহায়তা এবং অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।
বৈঠক শেষে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই শ্রমবাজারে পারস্পরিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএএস/এমআইএইচএস