দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে মাঠে জরিপ দল
লোগো
দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের দীর্ঘদিনের বিতর্ক নিরসনে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের দুর্গম রুমা ও থানচি উপজেলার পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষবিন্দু নির্ধারণ করা হবে।
শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) নির্ধারণের একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালনা করবে। এ জরিপের মাধ্যমে সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা হবে।
জরিপ কার্যক্রমটি সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশের নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার এবং জিওডেটিক ডিটাচমেন্টের ইনচার্জ উপ-পরিচালক (জরিপ) দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তারা থানচি ও রুমা এলাকায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করবেন।
আইএসপিআর জানায়, জরিপ কার্যক্রমে সদ্য প্রস্তুত করা জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত ‘অ্যালিপসয়েড হাইট’ ব্যবহার করে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে।
জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দুসহ অন্যান্য দুর্গম এলাকায় গিয়ে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, জিএনএসএস সিওআরএস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।
এ জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ—তাজিংডং, কেওক্রাডং নাকি সাকা হাফং—নির্ধারণ করে দীর্ঘদিনের বিতর্ক সমাধান করতে পারবে বলে আশা করা হচ্ছে।
টিটি/এমএএইচ/