‘আমাকে বাঁচান’ লেখা চিরকুটে বনানীতে ভবন ঘিরে উত্তেজনা
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে গৃহকর্মীকে হত্যার গুজব এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি/ছবি-জাগো নিউজ
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে গৃহকর্মীকে হত্যার গুজব এবং এলাকায় উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসাটির মালিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত জনতার জড়ো হওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরেও ভবনের সামনে কড়াইল বস্তির লোকজনের উপস্থিতি দেখা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে লোকজন অনেক রকমের কথা বলছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিলাম। ভবনের একটা বাসায় একজন গৃহকর্মী কাজ করত। সে একটা চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯ এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।’
পথচারী এক ব্যক্তি চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন। এ সময়ে গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা মহিন উদ্দিন জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা প্রচার করতে শুরু করে। এছাড়া আরও দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়ানো হয়। এতে ভবন ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।
বাসার মালিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সোহানা নামে বাসার মালিককে আটক করে থানায় আনা হয়েছে। ওই গৃহকর্মী বাদী হয়ে মামলা রুজু করবেন। আগামীকাল শুক্রবার বাসা মালিককে আদালতে সোপর্দ করা হবে।
টিটি/এমআরএম