ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মাহদী আমিন

হজের খরচ কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা সরকারের অগ্রাধিকার 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টনে একটি হোটেলে বাংলাদেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী পদমর্যাদার এ উপদেষ্টা। মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, প্রথমবারের মতো আজ আমাদের হাজি সাহেবরা দেশ থেকেই প্রি-অ্যারাইভাল নুসুক কার্ড পেতে যাচ্ছেন। এটি আমাদের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরওয়ার্ড।

উপদেষ্টা বলেন, আজকের এই উদ্যোগে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে হজ ব্যবস্থাপনার যে উপর্যুপরি এবং স্বাভাবিকভাবেই ক্রমবর্ধমান সহযোগিতা রয়েছে, সেখানে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্ব ভবিষ্যতেও আমাদের হাজিদের জন্য যে সেবা, সেটির মানকে আরও উন্নত করবে।

আরও পড়ুন
আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

‘আমাদের লক্ষ্য শুধু হজ ব্যবস্থাপনাকে পরিচালনা করাই নয়, এটি যেন সত্যিই এক স্মার্ট, সুশাসিত এবং পিলগ্রিম-সেন্ট্রিক সার্ভিস ওরিয়েন্টেড সিস্টেম তৈরি করতে পারে। যেই সিস্টেমের বাইপ্রোডাক্ট হিসেবে সেই ইকোসিস্টেম আমরা পাবো, যেখানে হাজিরা সুন্দর পরিবেশে তাদের হজ পালন করে আসতে পারবেন এবং হজের সঙ্গে সম্পৃক্ত যারা স্টেকহোল্ডার রয়েছেন, প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন—সেটিই আমাদের সরকারের মূল লক্ষ্য।’

মাহদী আমিন আরও বলেন, আমরা আরও উল্লেখ করতে চাই যে, আগামী যে আসন্ন হজ মৌসুম রয়েছে, সেটিকে আরও কীভাবে আধুনিক, সময়োপযোগী এবং হাজিবান্ধব করা যায়, সেগুলো নিয়ে সরকার ইনশাআল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো হজকে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রবাসী-বান্ধব হিসেবে গড়ে তোলা। ধর্মপ্রাণ নাগরিকদের জন্য এই হজ সেবা যেন আরও সহজ করা সম্ভব হয়, ইসলামী মূল্যবোধকে ধারণ করে যেন আমরা সেটাকে কার্যকর করতে পারি, সেটি আমাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের খরচ আমরা কীভাবে কমিয়ে আনতে পারবো, সাধারণ মানুষের আরও কীভাবে হাতের নাগালে নিয়ে আসব, সেটি আমাদের অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পাচ্ছে।

আরএমএম/ইএ