ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে চট্টগ্রাম কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে কলেজ ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রধান ফটকের সামনে স্থাপিত বৈশাখী স্টল। এসব স্টলে দেশীয় খাবার, পিঠা-পুলি, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী নানান সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি অতিথিদের সঙ্গে নিয়ে স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, যেখানে নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

আরও পড়ুন
ছুটির দিনেও যানজট বিজয় সরণিতে, জিয়া উদ্যানে দর্শনার্থীদের ভিড় 
পহেলা বৈশাখে বেচাকেনায় হাসি ফুটেছে হকারদের মুখে 

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে। পহেলা বৈশাখের আনন্দ চিরকাল বাঙালির জীবনে বিরাজ করুক- এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ সংস্কারে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য এবং জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

দিনব্যাপী বৈশাখী আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।

এমআরএএইচ/কেএসআর