বনানীর আগুন বৈদ্যুতিক গোলযোগে : ফায়ার সার্ভিস
রাজধানীর বনানীর বসতি হরিজন ভবনে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশনাল ও মেইনটেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।
তিনি বলেছেন, ভবনটির নিচ তলার বৈদ্যুতিক কন্ট্রোল প্যানেল (ডিবি বোর্ড) থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। নিচ তলায় থাকা মোটরসাইকেলের পেট্রলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুনে টকটিন গ্যাসের উৎপন্ন হয়। এতে প্রচণ্ড ধোঁয়া হয়।
ভবনটিতে ভেন্টিলেশন ব্যবস্থাপনা না থাকায় গ্যাস ও ধোঁয়া দ্রুত সিঁড়ি দিয়ে উপর তলার দিকে উঠে যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পাবলিক রেসপন্স খুব কাজে দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেয়ায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, বেলা ২টা ৪০ মিনিটের দিকে লাগা আগুন মাত্র ২৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনের মানুষ ছাদে আশ্রয় নেয়।
তিনি আরও বলেন, জানা মতে কোনো হতাহত নেই। তবে একজন বৃদ্ধ নারী এ্যাজমার কারণে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বাইরে বের করে নিয়ে আসে। ভবনটি থেকে ৫০ জনকে উদ্ধার করে নিরাপদে বাইরে আনা হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, বসতি হরিজন নামে ভবনটি মূলত বাণিজ্যিক। সেখানে অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমসহ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় রয়েছে।
জেইউ/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ২ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল
- ৩ সংসদ অধিবেশনেও পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- ৪ গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: আন্দালিব পার্থ
- ৫ সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী