ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ফের বরখাস্ত

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে ফের বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে তাকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে বরখাস্ত করা হলেও আদালতে রিট করে চেয়ারম্যান পদ ফেরত পান। 

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ও উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩ (খ)(১) ধারা অনুসারে মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা ৭/৮টি ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। মান্নান তার লোকবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কাজে বাধাদান ও একাধিক পুলিশ সদস্য এবং পথচারীকে আহত করেন। তার এ কর্মকাণ্ড উপজেলা পরিষদ আইন পরিপন্থী।
উপজেলা পরিষদের মতো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ উপজেলা পরিষদ বা রাষ্ট্রের স্বাস্থ্যের জন্য হানিকর। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের এবং মামলা তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। তাই জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান এর আগে বলেছিলেন, আমি বিরোধী দল বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত আছি। তাই সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য কোনও কারণ ছাড়াই আমাকে বার বার বরখাস্ত করছে।

এমএ/জেএইচ/আরআইপি