জেনেভা ক্যাম্পে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র-সামুরাইসহ গ্রেফতার ৩
ছবি-সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, সামুরাই ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার পর জেনেভা ক্যাম্পে আকস্মিকভাবে র্যাব অভিযান চালায়। তবে র্যাবের এই অভিযানের খবর ছড়িয়ে পড়ায় শীর্ষ মাদক কারবারিরা ক্যাম্প থেকে পালিয়ে যায়। মাদক কারবারিরা কীভাবে আগেই খবর পেয়ে যায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পের বাসিন্দারা।
অভিযান শেষে র্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার সাংবাদিকদের বলেন, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ জনকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছি। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক, ইয়াবা ও দেশীয় ধারালো সামুরাই উদ্ধার করা হয়।
তিনি বলেন, জেনেভা ক্যাম্প ভালো মানুষের আবাস্থল হিসেবে গড়ে তোলা হবে। এখানে মাদক কারবারিদের কোনো জায়গা হবে না। অচিরেই তাদের নির্মূল করা হবে।
টিটি/এমআরএম