চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : জনসচেতনতা বৃদ্ধিতে রেলের কর্মসূচি
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল-এর উদ্যোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত দিনব্যাপি প্রচারণা চালানো হয়।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) এর নির্দেশে এই অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার ফুয়াদ হোসেন আনন্দ, কমান্ড্যান্ট আরএনবি (পাকশী) রেজওয়ানুর রহমান এবং সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট তারেক ইমরান।
এই কর্মসূচির অংশ হিসেবে রেললাইন-এর আশেপাশের ঘনবসতিপূর্ণ জনপদ, হাট বাজার, স্কুল, মসজিদে গিয়ে তারা পথসভা পরিচালনা করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এই প্রচারণার ব্যাপারে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার ফুয়াদ হোসেন আনন্দ জাগোনিউজকে জানান, ‘ট্রেনে পাথর নিক্ষেপ করে মানুষের জানমালের ক্ষতিসাধন একটি ফৌজদারী অপরাধ। এ ধরণের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরূদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই আমাদের প্রচারণার অন্যতম উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে রেলওয়ে পুলিশের সমন্বয়ের অভাব আছে। সকলে মিলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ না করলে এই প্রচারণার সুফল পাওয়া যাবে না।'
অতি সম্প্রতি গাজীপুর জেলার মৌচাক, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ইত্যাদি এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কিছু ঘটনা ঘটে। এতে কয়েকজন সাধারণ যাত্রী আহত হন এবং বিভিন্ন ট্রেনের কোচ ক্ষতিগ্রস্থ হয়।
এসএএস/আইএইচএস/পিআর